মানবতার বিপর্যয়কারীর অপর নাম রুশ ফেডারেশন: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'রুশ ফেডারেশন শব্দ দুটো মানবতার বিপর্যয়কারী শব্দ দুটোর প্রতিশব্দ হয়ে উঠেছে।'
ইউক্রেনের নিপ্রো এলাকার একটি জুতা কারখানা, একটি অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি কিন্ডারগার্টেনে বৃহস্পতিবার রাতে রুশ সেনাদের বোমা হামলার কথা উল্লেখ করে শুক্রবার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেছেন।
রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে।
এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান জেলেনস্কি।
তিনি বলেন, 'রাতে তারা নিপ্রোর একটি জুতা কারখানা, একটি অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি কিন্ডারগার্টেনে বোমা হামলা করে। কী জন্য? এগুলো কি রাশিয়ার জন্য হুমকি?'
'তারা সুমি অঞ্চলের গ্রামগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে। তারা মারিউপোলের বাসিন্দাদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। খারকিভ! তারা লুৎস্ক ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে ক্ষেপণাস্ত্র হামলা করেছে,' বলেন জেলেনস্কি।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, 'যদি এরকম চলতেই থাকে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা যথেষ্ট নয়। আমি আশা করি আমাদের মিত্ররা আজই নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেবেন।'
'রাশিয়াকে এই ভয়ানক যুদ্ধের মূল্য দিতে হবে। প্রতিদিন দিতে হবে,' যোগ করেন তিনি।