রাশিয়া থেকে দ্বিগুণ কোকিং কয়লা আমদানির পরিকল্পনা ভারতের
ইউক্রেনে হামলার কারণে বিশ্বের বিভিন্ন দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিলেও, ভারত রাশিয়া থেকে ইস্পাত তৈরির গুরুত্বপূর্ণ উপাদান কোকিং কয়লা আমদানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির ইস্পাতমন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং।
নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'ভারত রাশিয়ান কোকিং কয়লা আমদানি দ্বিগুণ করার পরিকল্পনা করছে।'
আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রামচন্দ্র প্রসাদ সিং জানান, ভারত রাশিয়া থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন মিলিয়ন টন কোকিং কয়লা আমদানি করেছে। তবে তা কোন সময়, সেই বিষয়টি উল্লেখ করেননি তিনি।
ইউক্রেনে আগ্রাসনের প্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোসহ বিভিন্ন দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এবং সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তবে ভারত রাশিয়ার অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্যের বড় ক্রেতা। ইউক্রেনে রুশ হামলার আক্রমণের নিন্দায় জাতিসংঘে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে দেশটি।