রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ডলারের আধিপত্য কমতে পারে: আইএমএফ

স্টার অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মার্কিন ডলারের বিশ্বব্যাপি আধিপত্য কমিয়ে দিতে পারে।

গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোপীনাথ বলেন, 'সেই অবস্থাতেও ডলার প্রধান বৈশ্বিক মুদ্রাই থাকবে। তবে ছোট স্তরে বিভাজন অবশ্যই সম্ভব। বাণিজ্যের মুদ্রা কী হবে, কিছু দেশ এরইমধ্যে সেই বিষয়ে আলোচনা শুরু করেছে। রাশিয়া ও ভারত বর্তমানে রুপি-রুবল বাণিজ্য প্রক্রিয়া তৈরি করছে, যার মাধ্যমে তারা ডলারের বদলে দেশীয় মুদ্রায় বাণিজ্য করতে পারবে।'

গোপীনাথের মতে, ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে পশ্চিমা দেশগুলোর দেওয়া বিধিনিষেধের কারণে ছোট ছোট মুদ্রা ব্লকের উত্থান ঘটাতে পারে। এ ছাড়া, বৈশ্বিক বাণিজ্যে ডলার বা ইউরোর বাইরে অন্য মুদ্রা ব্যবহারে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সম্পদে আরও বৈচিত্র্য আসবে।