রাশিয়ায় মেটাকে ‘চরমপন্থী প্রতিষ্ঠান’ ঘোষণার আহ্বান
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মকে আনুষ্ঠানিকভাবে 'চরমপন্থী প্রতিষ্ঠান' হিসেবে চিহ্নিত করতে আদালতের আদেশ চেয়ে আবেদন পাঠিয়েছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেল অফিস। পাশাপাশি দেশটিতে মেটার সবগুলো প্ল্যাটফর্ম- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বন্ধের দাবিও জানানো হয়েছে।
আজ শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম মেটা তার নীতিমালা পাল্টেছে। সাময়িকভাবে রাশিয়ান সামরিক বাহিনী ও নেতৃত্বের বিরুদ্ধে সহিংসতা চালানোর আহ্বান প্রচারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মেটা।
এর আগে, কয়েকটি পশ্চিমা গণমাধ্যম জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে হত্যার আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী, সেগুলো প্রচারের ওপর নিষেধাজ্ঞার কথা থাকলেও রাশিয়া, ইউক্রেন, পোল্যান্ডসহ কয়েকটি দেশে সেসব পোস্ট ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস মার্কিন সরকারকে 'মেটার এই স্পষ্ট চরমপন্থী আচরণে লাগাম টেনে ধরার' আহ্বান জানিয়েছে।
আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, 'এই তথ্যগুলো বিশ্বাস করা কঠিন। এসব তথ্যের ক্ষেত্রে আসলে খুব সতর্কতা যাচাই এবং অধ্যয়ন প্রয়োজন। আমরা আশা করব- এটি সত্য নয়, কারণ তা না হলে এই প্রতিষ্ঠানটির সমস্ত কার্যক্রম বন্ধ করতে জোরালো ব্যবস্থার প্রয়োজন হবে।'
রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রক আরকেএন জানায়, তারা মেটার কাছে 'হেট স্পিচ' নীতিমালার পরিবর্তন সম্পর্কে যে তথ্য এসেছে, সেটির ব্যাখ্যা চাইবে।
তবে ব্যাখ্যা পাওয়ার আগেই রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের অফিস মেটাকে একটি চরমপন্থী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করার জন্য আদালতের আদেশ চেয়েছে।
রাশিয়ার প্রসিকিউটর জেনারেল অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, মেটার প্ল্যাটফর্ম- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে রাশিয়ার নাগরিকদের কাছে দাঙ্গা শুরু করার আহ্বান জানানো হচ্ছে, এ ধরনের পোস্টগুলোকে অনুমতি দেওয়া হচ্ছে। এ কারণে এসব প্ল্যাটফর্ম বন্ধ করা জরুরি।