রুশ তেল-গ্যাসের ওপর ইইউ নিষেধাজ্ঞা দেবে না: হাঙ্গেরি
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও মিত্ররা রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিলেও ইউরোপীয় ইউনিয়ন আপাতত কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে ইইউ নেতাদের সম্মেলন চলাকালে ফেসবুকে ভিডিও পোস্টে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার বিষয়টি জানান।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে শেষ হয়েছে। (রাশিয়ার) তেল-গ্যাসের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। তাই বলা যায়, আগামী দিনগুলোতে হাঙ্গেরির জ্বালানি সরবরাহ নিশ্চিত থাকছে।'