শান্তির জন্য সঠিক জায়গা জেরুজালেম: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইসরায়েল তার দেশ এবং রাশিয়ার মধ্যে শীর্ষ-স্তরের শান্তি আলোচনার জন্য বৈঠক করতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি পরামর্শ দিয়েছেন যে, জেরুজালেম এই আলোচনার জন্য ভালো জায়গা হতে পারে।
গতকাল রোববার এক ভিডিও বার্তায় এ কথা জানান জেলেনস্কি।
ভার্চুয়ালি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরে ইউক্রেনীয়দের কাছে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, 'ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিয়েভ এবং মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার চেষ্টা করছেন।'
জেলেনস্কি বলেন, 'অবশ্যই, ইসরায়েলের স্বার্থ আছে, তার নাগরিকদের রক্ষা করার কৌশল আছে। আমরা সবই বুঝি।'
তিনি আরও বলেন, 'ইসরায়েলের প্রধানমন্ত্রী, নাফতালি বেনেট আলোচনার একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা এর জন্য কৃতজ্ঞ। আমরা তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। খুব শিগগির বা কয়েকদিন পরে আমরা সম্ভবত জেরুজালেমে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করব।'
'শান্তি খোঁজার জন্য এটাই সঠিক জায়গা। যদি সম্ভব হয়,' তিনি যোগ করেন।
গত সপ্তাহ ধরে নাফতালি বেনেট ২ পক্ষকে একত্রিত করার জন্য জোরালোভাবে চেষ্টা চালাচ্ছেন। জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেছেন। গত সপ্তাহে, তিনি ক্রেমলিনে নেতার সঙ্গে দেখা করতে গোপনে মস্কোতে গিয়েছিলেন।