শান্তি আলোচনা চলাকালে কেন যুদ্ধবিরতি নয়, ব্যাখ্যা দিলো রাশিয়া
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা চলাকালে ইউক্রেনে সামরিক অভিযান স্থগিত রাখবে না মস্কো।
কারণ রাশিয়া ইউক্রেনীয় 'জাতীয়তাবাদীদের' তাদের বিরুদ্ধে সংগঠিত হওয়ার কোনো সুযোগ দিতে চায় না।
আজ সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
পেসকভ বলেন, অভিযানে যে কোনো বিরতিকে 'জাতীয়তাবাদী' ইউনিটগুলো পুনরায় সংগঠিত হওয়ার জন্য এবং রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। এর আগে ইউক্রেনে রুশ সেনারা একাধিক ঘটনায় বিষয়টি বুঝতে পেরেছে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে ইউক্রেনের বেসামরিকদের জনগণকে সরিয়ে নেওয়া এবং ইউক্রেনীয় শহরগুলোতে মানবিক সহায়তা আনার জন্য কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া।
তবে কিয়েভ বারবার রাশিয়াকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করেছে। রাশিয়াও চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউক্রেনের বিরুদ্ধে।
রাশিয়া বলছে, তারা বিশ্বাস করে, ইউক্রেনীয় সরকার তার ইউনিটগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারছে না। এই ইউনিটগুলোর মধ্যে অনেক উগ্র জাতীয়তাবাদী আছে।
মস্কোর মতে, এই উগ্র জাতীয়তাবাদীরা শেষ পর্যন্ত লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দ্বিধা করছে না।