হাদিসুরের মরদেহ রোববার দুপুরে ঢাকায় পৌঁছাবে
ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ আগামী ১৩ মার্চ দুপুর ২টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা।
আজ শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তিনি টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, 'হাদিসুরের মরদেহবাহী গাড়ি আজ ভোরে ইউক্রেন থেকে রওয়ানা দিয়ে দুপুরে মলদোভায় পৌঁছায়। সীমান্ত থেকে গাড়ি পরিবর্তন করতে হয়েছে। অন্য আরেকটি গাড়িতে হাদিসুরের মরদেহ এখন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের পথে রয়েছে।'
হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইনসে বাংলাদেশে পাঠানো হবে উল্লেখ করে তিনি বলেন, 'সবকিছু ঠিক থাকলে, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে মরদেহ ১৩ তারিখ দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবে।'
গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর। ওই জাহাজের অপর ২৮ জন ক্রু গত বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান।

