কক্সবাজারে করোনায় কেনিয়ার নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এক বিদেশি মারা গেছেন। তার নাম রিচার্ড (৪৮)। তিনি কেনিয়ার নাইরোবির নাগরিক।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশি এনজিও ডেনিস রিফিউজি কাউন্সিলে (ডিআরসি) ব্যবস্থাপক পদে নিয়োজিত ছিলেন তিনি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'রিচার্ড করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাতে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তখন তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এইচডিইউতে স্থানান্তর করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।'

'সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রিচার্ড মারা যান। তার মরদেহ জেলা হাসপাতালের মর্গে আছে। আইনগত প্রক্রিয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে। তিনি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন', বলেন তিনি।