করোনায় মারা গেলেন জাবির সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ঢাকার ইসলামী ব্যাংক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
জাবির সাবেক রেজিস্ট্রার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ে ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।