কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ২০.৭৫ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আট জন।
একই সময়ে ৯৮৮টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৫ শতাংশ।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সাত জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান তিন জন। একই সময়ে ২৮০টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৩ শতাংশ। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৯ জন এবং হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৬৩ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৬৬ জন এবং মোট মারা গেছেন ৩৯৫ জন।
স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী, বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত আছেন তিন হাজার ৮৫২ জন।