গাজীপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্তের হার ৩০.৭৩ শতাংশ
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জুনের শেষ সপ্তাহ থেকে জেলায় এ পর্যন্ত এটাই করোনায় সর্বোচ্চ মৃত্যু।
আজ শনিবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪৪৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ দশমিক ৭৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ৪৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২৪৫ জন।
জেলায় করোনা নমুনা পরীক্ষা ও আক্রান্তের হার বেড়েছে উল্লেখ করে সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০০ শয্যা আছে। এ হাসপাতালের তত্ত্বাবধানে অন্যান্য স্থানে আরও ৬০টি শয্যা আছে।
করোনা রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি জেলায় টিকাদান কার্যক্রমও চলছে বলে জানান তিনি।