গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪.৪৩ শতাংশ, মৃত্যু ১

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৪ দশমিক ৪৩ শতাংশ।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৭৯টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৪ দশমিক ৪৩ শতাংশ।

নতুন শনাক্ত ৪৩ জনের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৬ জন, কোটালীপাড়ায় ২ জন, কাশিয়ানীতে ২ জন, এবং মুকসুদপুরে ১০ জন। এ পর্যন্ত জেলায় ৬,১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬৯ জন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত মল্লিক জানান, আজ রবিবার সকাল পর্যন্ত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৪৩ জন এবং সন্দেহজনক ৪৫। গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনায় আক্রান্ত ছিলেন এবং অন্যজনের উপসর্গ ছিল।