চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, শনাক্ত ৩০.৫২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে তিন হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১৯ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৫২ শতাংশ। আজ রোববার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১১ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ৩৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৫ জন, চান্দনাইশের ১৮ জন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর ৫৭ জন, রাঙ্গুনিয়ার ৮০ জন, রাউজানের ৬৯, ফটিকছড়ির ১৫, হাটহাজারীর ৭১ জন, সীতাকুণ্ডের ১৮, মীরসরাইয়ের সাত জন ও তিন জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৬৬ হাজার ৮৯৪ ও ২৩ হাজার ৬২৭ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৬২১ ও উপজেলা পর্যায়ের ৪৩৮ জনসহ মোট এক হাজার ৫৯ জন মারা গেছেন।