ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ৪৩.৭৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১২ জনের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ফরিদপুরের চার জন ও একজন রাজবাড়ীর বাসিন্দা।’

ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৩৬টি নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তর হার ৪৩ দশমিক ৭৫ ভাগ। নতুন শনাক্ত ১৪৭ জনের মধ্যে ভাঙ্গা উপজেলায় বাড়ি ছয় জনের, বোয়ালমারীর চার জন, নগরকান্দার সাত জন, সদরপুরের ২২ জন, চরভদ্রাসনের দুই জন, সালথার একজন ও ১০৫ জন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।

সাইফুর রহমান আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯০ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী ৪২২ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ২৯৪ জন।