ফরিদপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ৩১.৭৭ শতাংশ
ফরিদপুরে করোনা ডেডিকেটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘২১ জনের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ফরিদপুরের বাসিন্দা ১১ জন, দুই জন রাজবাড়ীর, মাদারীপুরের দুই জন এবং একজনের বাড়ি গোপালগঞ্জে।’
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৯৬০টি নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তর হার ৩১ দশমিক ৭৭ শতাংশ। নতুন করে শনাক্ত ৩০৫ জনের মধ্যে ১৪৭ জনের বাড়ি ফরিদপুরে। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফরিদপুর সদর উপজেলার ১০৫ জন। এ ছাড়া, আলফাডাঙ্গা উপজেলার ১০ জন, ভাঙ্গার ৩৭ জন, বোয়ালমারীর ২৫, নগরকান্দার ২৭, মধুখালীর ২২, সদরপুরের ১৭, চরভদ্রাসনের ৪০ ও ২৩ জনের বাড়ি সালথা উপজেলায়।
সাইফুর রহমান বলেন, হাসপাতালে বর্তমানে ৪০৬ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে করোনায় আক্রান্ত ২৯৩ জন।