ফেনীতে একদিনে সর্বোচ্চ ১৭৬ জনের করোনা শনাক্ত, হার ৪৬.০৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪৬.০৭ শতাংশ। একই সময়ে ফেনী জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় জানায়, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব থেকে ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো পাঁচ হাজার ৫২৯ জন। এর মধ্যে মারা গেছেন ৮০ জন। জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৯২৬ জনের।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। এর মধ্যে- ফেনী জেনারেল হাসপাতালে ২৯ জন, দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন ও স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে একজন।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেন।

জেলায় চলতি মাসের ১২ দিনে দুই হাজার ৬৪৮ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪০.৫৫ শতাংশ।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী জানান, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিটের  ৩০ শয্যার বিপরীতে রোগী আছেন ১২৭ জন। তাদের ২৯ জন করোনা পজিটিভ এবং উপসর্গ আছে ৯৮ জনের। ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কোনো সিট খালি নেই। ৬৮ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ওই ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন।