বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮, শনাক্তের হার ৪৭.৫০ শতাংশ
বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৫০ শতাংশ।
আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্ভিস অফিস এ তথ্য জানিয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই মারা গেছেন।
ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এই মুহূর্তে বগুড়ায় শনাক্ত রোগী রয়েছেন দুই হাজার ৬৮ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৬৫৭ জন।