বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪১.৩৬ শতাংশ
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫টি নমুনা পরীক্ষায় একদিনে সর্বোচ্চ ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৩৬ শতাংশ।
পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৭৪ জনে। আর মৃত্যু হয়েছে ৪৭২ জনের।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের দপ্তর সূত্রে জানা যায়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কেবল এই হাসপাতালেই করোনা আক্রান্ত দুই রোগীর পাশাপাশি উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে থাকা আট জন মারা গেছেন।
এ মুহূর্তে হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২৯১ জন রোগী।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৪টি নমুনা পজেটিভ আসে। শনাক্তের হার ৬০ শতাংশ।