মমেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২৭.৫৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে নয় জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন।

এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৯৩ রোগী ভর্তিসহ এখন পর্যন্ত  ৪৪০ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রুবেল (৬০), ফুলবাড়িয়া উপজেলার ঈমান আলী (৭২), ফুলপুর উপজেলার জামিলা বেগম (৬৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল কাদের (৭০), নেত্রকোণা সদরের রোকেয়া (৬৭), কেন্দুয়া উপজেলার সাথিয়া (৫৫), জামালপুর সদরের নবাব আলী (৭০), শেরপুর সদরের সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুর উপজেলার আব্দুর সালাম (৬৭)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের রহিমা (৬০), আবু বকর (৫২), গাজীপুর সদরের লিটন সরকার (২৩) ও কুড়িগ্রাম রৌমারী উপজেলার তাইজুদ্দিন (৭৫)।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮৫৪টি নমুনা পরীক্ষায় আরও ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।