মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৩

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুই জন ময়মনসিংহ, দুই জন নেত্রকোণা ও একজন জামালপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জনের মধ্যে চার জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, দুই জন নেত্রকোণা, একজন জামালপুর ও একজন কিশোরগঞ্জের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ২৬৯ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।