মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৭
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।
আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ভর্তি রোগী ৪৩৯ জন। এদের মধ্যে আইসিউতে চিকিৎসাধীন ২২ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। সুস্থ হয়েছেন আট হাজার ২৯৯ জন।