মমেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ২০
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ রোববার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। মোট চিকিৎসা নিচ্ছেন ৪১১ জন। তাদের মধ্যে আইসিউতে আছেন ২২ জন।
ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৪৯৫ জন আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৩১৩ জন।