মমেক হাসপাতালের করোনা ইউনিটে দেড় মাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু ৭

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দেড় মাসে এটি সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

ডা. মহিউদ্দিন আরও বলেন, করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে দুই জন ময়মনসিংহ ও একজন জামালপুরের বাসিন্দা। চার জনের উপসর্গ দেখা দিয়েছিল। তাদের তিন জন ময়মনসিংহ ও একজনের বাড়ি নেত্রকোণায়।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ২৮৬ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।