মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চার জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, শেরপুরের দুই জন, নেত্রকোণার দুই জন এবং দুই জন জামালপুর ও গাজীপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে এবং বাকি দুই জন গাজীপুর ও শেরপুরের বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ২১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন— বলেন ডা. মহিউদ্দিন।