মমেক হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯.২৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ 

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে নয় জন মারা গেছেন।
একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।
আজ সোমবার হাসপাতালের করোনা ইউনিট থেকে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদরের শুক্লা (৬১) ও আলি ফতেন্নেসা (৬৮), ত্রিশাল উপজেলার সাব্বির (৪২), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলী (৬০), মুক্তাগাছা উপজেলার লিয়াকত আলী (৬০), গফরগাঁও উপজেলার বকুলা (৮২), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ি উপজেলার শাহজাহান (৫০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার ফয়েজ বানু (৮০)।
এ ছাড়াও, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৫), ত্রিশাল উপজেলার আঞ্জুমান (৭০), নান্দাইল উপজেলার রমেসা (৭৮), ভালুকা উপজেলার তাজুদ্দিন (৪৫), গফরগাঁও উপজেলার আব্দুস রাজ্জাক (৮০), ফুলপুর উপজেলার আব্দুল সেলিম (৫০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পূর্বধলা উপজেলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কৃষ্ণ পোদ্দার (৬২), মধুপুর উপজেলার খলিল (৮৫) ও গাজীপুর শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম (৬০)।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৬ জন ও আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় ১,২৬৩ টি নমুনা পরীক্ষায় আরও ৩৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ।'
'জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়েছেন নয় হাজার ৪৮১ জন,' যাগ করেন তিনি।