মেহেরপুরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৩০ শতাংশ
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন।
একই সময়ে ২৭৩টি নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ শতাংশ।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
এর আগের ২৪ ঘণ্টায় জেলাতে করোনায় আক্রান্ত চার জনের মৃত্যু হয়। একই সময়ে ১০২টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৫৬ জন ও মুজিবনগর উপজেলার ১৩ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ও হোম আইসোলেশনে থাকা করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৮০৫ জন।
মেহেরপুরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৯৫ জন।