রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ১৬.৩৭ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।

আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আট জনের মৃত্যু হয় এবং ২৪৪ জনের করোনা শনাক্ত হয়।

ডা. মোতাহারুল ইসলাম জানান, শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলার তিন জন এবং রংপুর, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার একজন করে করোনায় মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর জেলার ৪৪ জন, গাইবান্ধার ৩৭ জন, দিনাজপুরের ২৯ জন, ঠাকুরগাঁওয়ের ২৮ জন, কুড়িগ্রামের ২৪ জন, নীলফামারীর ১৯ জন, পঞ্চগড়ের ১৬ জন ও লালমনিরহাট জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ৫১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এক হাজার ১৩৬ জন মারা গেছেন। বিভাগের সর্বোচ্চ ৩১০ জন মারা গেছেন দিনাজপুর জেলায়। এছাড়া, রংপুরে ২৬৭ জন, লালমনিরহাটে ৫৯ জন, ঠাকুরগাঁওয়ে ২২৭ জন, নীলফামারীতে ৮০ জন, পঞ্চগড়ে ৭২ জন, কুড়িগ্রামে ৬২ জন ও গাইবান্ধায় ৫৯ জন মারা গেছেন।