রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও আট জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, '১৮ জনের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহীতে, দুই জন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, একজন নওগাঁ, একজন কুষ্টিয়া ও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জন রাজশাহীর বাসিন্দা। এ ছাড়া, একজন চাঁপাইনবাবগঞ্জ, একজন নওগাঁ ও একজনের বাড়ি কুষ্টিয়ায়।'
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৬২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৯৯টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৮০টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ২১ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৮ দশমিক ৫৫ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪২ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪০৭ জন। বর্তমানে মোট ৪০৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্র আরও জানায়, আজ সকালে ডেঙ্গু আক্রান্ত নতুন একজন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে শিশুসহ তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।