সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ১৭ দিনে ১০৮, ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে ১০৮ জনের মৃত্যু হলো। উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৪৫৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮০ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭৫টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জুন মাসে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১২২ জনের মৃত্যু হয়েছিল, সেখানে জুলাই মাসের ১৭ দিনে উপসর্গ নিয়ে ১০৮ জন মারা গেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা চার হাজার ৪২৫ জনে দাঁড়াল। এর মধ্যে সুস্থ হয়েছে তিন হাজার ৫৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে ৮০ জন ও সংক্রমণের উপসর্গ নিয়ে ৪৫৮ জন মারা গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ মানস মন্ডল জানান, অনেক সময় করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। কিন্তু দেখা যায় রোগীর সব ধরনের উপসর্গ রয়েছে। বুকের সিটিস্ক্যান পরীক্ষা করা হলে দেখা যায় ফুসফুস আক্রান্ত হয়েছে। এ জন্য পরীক্ষায় নেগেটিভ আসার পরও যদি উপসর্গ থাকে তাহলে সিটি স্ক্যান করা দরকার।