সিলেট বিভাগে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত ৩৯.৩৬ শতাংশ
নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেট বিভাগে এক দিনে করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে এক হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করে ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার অনুযায়ী ৩৯ দশমিক ৩৬ শতাংশ।

এর আগে গতকাল এক দিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত সোমবার এক দিনে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেটে ৮৯১টি নমুনা পরীক্ষা করে ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, সুনামগঞ্জে ২৯৯টি নমুনা পরীক্ষা করে ১১৬ জন, হবিগঞ্জে ১৩১টি নমুনা পরীক্ষা করে ৫৪ জন ও মৌলভীবাজারে ৫৪৯টি নমুনা পরীক্ষা করে ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সিলেটে ৩৮ দশমিক ২৭ শতাংশ, সুনামগঞ্জে ৩৮ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১ দশমিক ৪৪ শতাংশ ও মৌলভীবাজারের ৪০ দশমিক ৯৮ শতাংশ।

আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ৩৮৪ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে সিলেটের ২৬২ জন, সুনামগঞ্জের ৬৭ জন, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের ২৮ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৭ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৭৪ জন, মারা গেছেন ৬৫৫ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।