স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্টার অনলাইন রিপোর্ট

আগামী বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকারের আগামী ৫ বছরের অধিকাংশ উন্নয়ন পরিকল্পনা দেশের গ্রামকে কেন্দ্র করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রামে বাস করেন, গ্রামের মানুষকে স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য।

আমির খসরু বলেন, ২০২৬-২৭ অর্থবছর ও মধ্যমেয়াদে দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক কর্মসূচি বাস্তবায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের দক্ষতা উন্নয়নে আমরা সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছি। এ লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শসেবা সম্প্রসারণ, ২০০টি উপজেলায় নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই আর্থিক অন্তর্ভুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

‘একইসঙ্গে সহজ ঋণপ্রাপ্তি, ক্ষুদ্রঋণ ও নারী উদ্যোক্তা ঋণ ব্যবস্থার সংস্কার এবং জামানতবিহীন ঋণ দেওয়ার মাধ্যমে প্রান্তিক কৃষক ও নারীদের আত্মকর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে’, বলেন তিনি।

আমির খসরু আরও বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট ও নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে সুশাসন, উদ্যোক্তা সৃষ্টি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং নারী-যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুষম ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে আমরা পদক্ষেপ নিচ্ছি। এছাড়া গ্রামীণ কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান তৈরিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।