কৃষি, খাদ্য ও মৎস্য খাতে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট জিডিপির শূন্য দশমিক ৬৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই খাদ্যশস্যের উৎপাদন, ধারণ ক্ষমতা ও সংগ্রহ বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে সরকারি পর্যায়ে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ২৩ লাখ ১৬ হাজার মেট্রিক টন এবং ২০২৫-২৬ অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৮ লাখ ১৯ হাজার মেট্রিক টন।
তিনি জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ২৪ লাখ ৫০ হাজার মেট্রিক টনে এবং সংগ্রহ লক্ষ্যমাত্রা ৪১ দশমিক ২৯ হাজার মেট্রিক টনে উন্নীতকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ উপকারভোগী পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি চালের বাজার নিয়ন্ত্রণে ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন ৩০ টাকা কেজিতে চাল বিক্রি এবং বাজারদর পর্যবেক্ষণে অনলাইন মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।