বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার

স্টার বিজনেস রিপোর্ট

বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যয়ের কোটা ১২ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।

বিদেশে ভ্রমণের প্রকৃত চাহিদা পূরণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, অনুমোদিত ডিলারদের অর্থাৎ বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমতিপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক একজন বাংলাদেশি নাগরিকের জন্য বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় দিতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনা করে এবং প্রকৃত ভ্রমণজনিত বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য এই এনটাইটেলমেন্ট প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত পরিমাণের ৫০ শতাংশেই অপরিবর্তিত থাকবে।

এছাড়া নগদ মার্কিন ডলার নোট ছাড়ের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। বার্ষিক প্রযোজ্য ভ্রমণ কোটার মধ্যে একজন ব্যক্তির জন্য নগদ ডলার ছাড়ের সর্বোচ্চ সীমা ৫ হাজার ডলারে সীমিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, এ সিদ্ধান্তের ফলে পর্যটন, পারিবারিক সফর ও অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি ভ্রমণকারীরা তাদের বৈধ খরচ মেটাতে আরও বেশি সুবিধা পাবেন।