দেশীয় ওটিটিতে নতুন যা দেখা যাবে

স্টার অনলাইন রিপোর্ট

দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছুদিন ধরেই নতুন ওয়েব কনটেন্টের সংখ্যা কম। পুরোনো কনটেন্ট দিয়েই অনেকটা সময় পার করছে প্ল্যাটফর্মগুলো। তবে চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে দুটি নতুন কনটেন্ট। এর মধ্যে একটি ওয়েব ফিল্ম, অন্যটি সিনেমা।

‘মিশন ডিডিএলজে’

নব্বইয়ের দশকের প্রেমের নস্টালজিয়ার সঙ্গে বর্তমান সময়ের গল্প মিলিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। আগামীকাল ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি।

মুক্তির আগে প্রকাশ করা হয়েছে ওয়েব ফিল্মটির দুই মিনিটের ট্রেলার। ট্রেলারে শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’–এর নানা অনুষঙ্গ দেখা গেছে।

নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যের কথোপকথন ও বিভিন্ন দৃশ্যে উঠে এসেছে ‘ডিডিএলজে’র রাজ-সিমরানের প্রসঙ্গ। এমনকি ওই সিনেমায় রাজের সিমরানকে প্রপোজ করার দৃশ্যের প্রতিও ইঙ্গিত রাখা হয়েছে।

আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত ‘মিশন ডিডিএলজে’ মূলত রোমান্টিক কমেডি ঘরানার। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে সাদ নাওভী ও লাবণ্যকে।

‘মায়ার জঞ্জাল’

প্রায় ১৯ বছর পর বড় পর্দার কাজে ফিরেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সেই ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি আজ ২৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।

দীর্ঘ বিরতির পর সিনেমায় অভিনয় প্রসঙ্গে অপি করিম জানিয়েছিলেন, লেখাপড়া ও পরে কাজের ব্যস্ততার কারণে নিয়মিত সিনেমায় অভিনয় করা হয়নি। তবে ইন্দ্রনীল রায়চৌধুরীর কাজ তাকে নতুন করে সিনেমায় ফিরতে আগ্রহী করে। তার ‘ফড়িং’ ও ‘ভালোবাসার শহর’ দেখে ভালো লেগেছিল অপির। পাশাপাশি ‘মায়ার জঞ্জাল’-এর গল্প ও চরিত্রগুলোও তার কাছে আকর্ষণীয় মনে হয়েছিল।

সিনেমাটিতে অপি করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ। আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মণ্ডলও।

‘মায়ার জঞ্জাল’-এ সমান্তরাল দুটি গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে সোমা ও চন্দনের জীবন। সমাজের মূল স্রোত থেকে ছিটকে পড়া এই দুই মানুষ কঠিন বাস্তবতার মধ্যে কীভাবে টিকে থাকার চেষ্টা করে, সেটিই সিনেমার অন্যতম বিষয়।

চলতি সপ্তাহে তাই দেশীয় ওটিটিতে দেখা যাবে দুই ধরনের গল্প। একদিকে নব্বইয়ের দশকের প্রেমের নস্টালজিয়া নিয়ে ‘মিশন ডিডিএলজে’, অন্যদিকে জীবনসংগ্রাম, সম্পর্ক ও বাস্তবতার গল্প ‘মায়ার জঞ্জাল’।