বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান

স্টার অনলাইন রিপোর্ট

নববর্ষকে ঘিরে সারা দেশে চলছে নানা আয়োজন। পহেলা বৈশাখ উপলক্ষে এবারও থাকছে একাধিক সঙ্গীতানুষ্ঠান। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পীরা।

জেমস। ছবি: সংগৃহীত
নগরবাউল জেমস। ছবি: সংগৃহীত

পাবনায় বৈশাখের সকাল শুরু হবে গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। আরও থাকছেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’ এর সেরা তিন কণ্ঠশিল্পী।

নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ, প্রযোজনায় আছেন অজয় পোদ্দার। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

ছবি: সংগৃহীত
ইমরান মাহমুদুল। ছবি: সংগৃহীত

একই দিনে রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসেও থাকছে সঙ্গীত আয়োজন। জনপ্রিয় ব্যান্ড চিরকুট সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে। তাদের পরিবেশনায় থাকবে ‘যাদুর শহর’,‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এদিকে নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।

নববর্ষের প্রথম দিনে গান, নাচ ও উৎসবে ভরপুর এসব আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।