স্বামী বলেছেন আমি ভালো কাঁদতে পারি: তানজিকা আমিন
এবারের ঈদে অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। কোনো কোনো নাটক দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে এবং প্রশংসা কুড়িয়েছে। তেমনই একটি নাটকের নাম লিলিথ।
পরিচালনা করেছেন আশিকুর রহমান।
‘লিলিথ’ নাটকে তানজিকা আমিন অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে ছিলেন তৌসিফ মাহবুব। ওই নাটকে অভিনয় করে প্রশংসায় ভাসছেন তানজিকা।
লিলিথ নাটকে তানজিকা একজন ডিভোর্সি মেয়ে। নিজের ছোট মেয়েকে ঘিরেই তার সংসার। পেশায় তিনি চাকুরীজীবী। কিন্তু নানান সমস্যার মধ্য দিয়ে তাকে যেতে হয়। একসময় তার সঙ্গে পরিচয় হয় তৌসিফ মাহবুবের। গল্প অন্যদিকে মোড় নেয়।
দ্য ডেইলি স্টারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।
এই নাটকে তানজিকার মেয়ের চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘পিচ্চিটা দারুণ অভিনয় করেছে। ওর অভিনয়ের প্রশংসাও শুনেছি অনেকের কাছে।’
নিজের নাটক দেখার অনুভূতি জানাতে গিয়ে তানজিকা বলেন, ‘স্বামীকে নিয়ে নাটকটি দেখেছি। একটি দৃশ্যে মেয়েকে চড় মারি। চড় মারার দৃশ্য দেখে আমার স্বামী উঠে গেছেন। এটা মেনে নিতে পারেননি। দর্শকরাও এটা মানতে পারেননি।’
তিনি বলেন, ‘নাটকের দৃশ্যে আমাকে কাঁদতে হয়েছে। আমার কান্নার অভিনয় দেখে বলেছেন, “তুমি তো ভালো কাঁদতে পারো।“ তাছাড়া, আমার অভিনয়ের প্রশংসা করেছেন।’
তানজিকা বলেন, ‘আমার স্বামী আমার অভিনীত মহানগর ও লিলিথ দেখেছেন।’
নাটকের গল্প নিয়ে তিনি মত দেন, ‘যেকোনো নাটকের গল্প একটি গুরুত্বপূর্ণ বিষয়। লিলিথ নাটকের গল্প চমৎকার। গল্পের জন্যই দর্শকরা পছন্দ করেছেন। তবে দর্শকরা এতটা প্রশংসা করবেন তা ভাবিনি। দর্শকরা এতটা ভালোবাসবেন তা ভাবিনি।’
‘অনেক মানুষের কাছ থেকে লিলিথ নাটকের জন্য প্রশংসা পেয়েছি। এখনো পাচ্ছি। সহশিল্পীরাও অনেক প্রশংসা করছেন। কেউ কেউ তো নাটকটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আসলে গল্পটাই অন্যরকম’, যোগ করেন তিনি।
তানজিকা বলেন, ‘দর্শকরা নানারকম নাটক দেখেন। হাসির, প্রেমের, সিরিয়াস সহ অনেক রকম গল্পের নাটক হচ্ছে। কিন্তু এই নাটকের গল্পটা অন্যরকম।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই নাটকটি সমালোচকরা বেশি পছন্দ করেছেন। পরিচালককে অবশ্যই ধন্যবাদ দেব। কাজটি নিখুঁতভাবে করেছেন। পরিচালকের দেওয়া স্ক্রিপ্ট পড়েই আমার নাটকের গল্প ভালো লেগে যায়।’
তৌসিফের বিপরীতে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ‘তৌসিফ ভীষণ ভদ্র একজন মানুষ। অভিনয়ের জন্য নিবেদিত। তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। সিনিয়রদের সম্মান করেন।”
এবারের ঈদে জোভানের সঙ্গেও একটি নাটকে অভিনয় করেছেন তানজিকা। নাটকটির নাম ‘আমি একজন খুনী বলছি’।
এই নাটকের জন্যও অনেক প্রশংসা পেয়েছেন তিনি।
অন্যদিকে, সাগর জাহান পরিচালিত ‘ছিটকিনি’ নামের একটি নাটক খুব শিগগিরই প্রচার হবে।


