ডেইলি স্টারের ৩৫ বছরে তারকাদের প্রত্যাশা
দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ৩৫ বছরে পা দিয়েছে। পত্রিকাটি এখন দেশের শীর্ষ ইংরেজি পত্রিকা। পাঠকদের ভালোবাসা, বিশ্বস্ততা নিয়ে দিন দিন এগিয়ে চলেছে।
পত্রিকার কাছে পাঠকদের যেমন প্রত্যাশা রয়েছে, তারকাদেরও প্রত্যাশা কম নয়।
৩৫ বছর পূর্তিকে ঘিরে কয়েকজন তারকা শিল্পী দ্য ডেইলি স্টারের কাছে তাদের প্রত্যাশার কথা বলেছেন।
জাহিদ হাসান
একসময় এদেশে অবজারভার পত্রিকার নাম খুব শোনা যেত। অন্যদিকে, বেশ কয়েক বছর ধরে ডেইলি স্টার পত্রিকার নাম খুব শোনা যায়। ডেইলি স্টার ও প্রথম আলো—নাম দুটি সুনামের সঙ্গে উচ্চারিত হয়। আমি মনে করি, ডেইলি স্টার পাঠকের কাছ থেকে বিশ্বাস অর্জন করেছে। এটাই বড় পাওয়া। এই পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে পত্রিকাটিকে অনেক দূর নিয়ে গেছেন। এদেশের ইংরেজি পত্রিকা হিসেবে পাঠকের ভালোবাসা পাচ্ছেন। মাহফুজ আনামের প্রতি শুভকামনা এবং পত্রিকার সঙ্গে যারা জড়িত, সবার প্রতি শুভেচ্ছা। গত বছরের শেষ দিকে পত্রিকাটির কার্যালয়ে হামলা হয়েছিল। তা দুঃখজনক। এইরকম দাগ যেন আর না পড়ে। পত্রিকাটির ৩৫ বছরে শুভেচ্ছা।
মাহফুজ আহমেদ
ডেইলি স্টার আমাদের দেশের পাঠকপ্রিয় একটি ইংরেজি পত্রিকা। অসংখ্য পাঠক পত্রিকাটি পড়েন। আমিও এই পত্রিকার একজন পাঠক। আমি মনে করি, এই সুনাম অব্যাহত রয়েছে মাহফুজ আনামের মতো একজন দক্ষ ও জানাশোনা সম্পাদকের সুন্দর নেতৃত্বের জন্য। তার প্রতি আমার গভীর ভালোবাসা ও আশীর্বাদ। ৩৫ বছর নয়, শত বছর পার করুক। আমরা যারা কালচারাল সেক্টরে কাজ করি, ডেইলি স্টার তাদের কথা বলে। বাংলাদেশের সংস্কৃতির কথা বলে। এভাবেই যেন সারাজীবন দেশের কথা বলে যায়। পত্রিকার অফিসে হামলা হয়েছিল। কোনো হামলাকে সমর্থন করি না। পাঠকই বড় আদালত। তারা পত্রিকার পাশে আছেন। শত ফুলের ভালোবাসা জানাই।
জয়া আহসান
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ডেইলি স্টারের জন্য। ৩৫ বছর সুনামের সঙ্গে টিকে থাকা কম কথা নয়। অনেক বড় ব্যাপার এটি। পাঠকের কাছাকাছি থেকে, পাঠকের বিশ্বাস নিয়ে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে। এই বিশ্বাস অর্জন করাটাই অনেক বড় কথা। দিন দিন আরো উন্নতি কামনা করছি। আমি জানি, ডেইলি স্টার আমাদের কথা বলে। শিল্পীদের পাশে সবসময়ই ছিল পত্রিকাটি। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে শুভেচ্ছা জানাচ্ছি। তার হাত ধরে এতদূর এসেছে ডেইলি স্টার। আরো অনেক দূর যাক—সেই প্রত্যাশা করছি।
বাঁধন
ডেইলি স্টার যেভাবে আমাদের পাশে ছিল, সেভাবে আগামীতেও পাশে থাকবে—এই বিশ্বাস আছে। শিল্পীর জন্য, বাংলাদেশের সংস্কৃতির জন্য পত্রিকাটি কাজ করে যাচ্ছে। আমরা যারা শিল্পী, তাদের জন্য অনেক ভূমিকা রেখেছে পত্রিকাটি। সবসময় তাই যেন হয়। পাঠকের তুমুল ভালোবাসা অর্জন করা পত্রিকাটি ৩৫ বছর নয়, যুগ যুগ ধরে টিকে থাকুক। ডেইলি স্টারে আক্রমণ হয়েছিল, এইরকম যেন আর না হয়। আমার পক্ষ থেকে শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। শতবছর পার করুক ডেইলি স্টার।
বিদ্যা সিনহা মিম
৩৫ বছরে ডেইলি স্টার—সেজন্য শুরুতেই শুভেচ্ছা জানাই। আমি লক্ষ করেছি, দেশের ইংরেজি পত্রিকার মধ্যে এটি ভীষণভাবে পাঠকপ্রিয়। তা একদিনে সম্ভব হয়নি। বহু বছর লেগেছে। পত্রিকার সম্পাদক তার যোগ্য নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাকেও ধন্যবাদ জানাই। শুভকামনা জানাই। আমি সিনেমার মানুষ। সিনেমা শিল্পের পাশে, আমাদের পাশে পত্রিকাটি সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও যেন থাকে। ভালোবাসা রইল। আরো বহুদূর এগিয়ে যাক।
