মিমের ‘জীবন অপেরা’ সিনেমার শুটিং-ডাবিং শেষ

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

দেড় যুগের ক্যারিয়ার বিদ্যা সিনহা মিমের। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর নন্দিত লেখক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন মিম।

এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত নন মিম। এখন সিনেমা, ওটিটি ও মডেলিং নিয়েই ব্যস্ততা তার।

May be an image of one or more people and people smiling

মিম অভিনীত নতুন সিনেমা ‘জীবন অপেরা’। সিনেমাটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। এরই মধ্যে সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ করেছেন মিম। এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায়। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

‘জীবন অপেরা’ প্রসঙ্গে মিম বলেন, ‘আশা করছি, এই বছরই সিনেমাটি মুক্তি পাবে। পরিচালকই সবকিছু চূড়ান্ত করবেন। এটুকু বলতে পারি, জীবন অপেরা ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন—জানতে চাইলে মিম বলেন, ‘ভীষণ ভালো লেগেছে। শুটিং ও ডাবিং করে দারুণ লেগেছে। সত্যি কথা বলতে, এখন বেশি কিছু বলা যাবে না। চরিত্রটি নিয়েও কিছু বলতে চাই না। মুক্তির সময় আসুক, তখন সব জানা যাবে।’

May be an image of jewelry

‘জীবন অপেরা’ তার ক্যারিয়ারে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে—এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘পুরোটাই প্লাস করবে।

পরিচালক আলভী আহমেদ খুব যত্ন ও ভালোবাসা দিয়ে কাজটি করেছেন। আর টিমের কথা যদি বলি, তাহলে বলতে হয়, টিমটি বেশ গোছানো ছিল। টিমের সঙ্গে যারা কাজ করেছেন, তারাও একবাক্যে বিষয়টি স্বীকার করবেন। যে কোনো সিনেমা কিংবা ওটিটির কাজ হোক, টিম সুন্দর হলে কাজটাও সুন্দর হয়।’

ঢাকা শহরের বিভিন্ন স্থানে ‘জীবন অপেরা’র শুটিং হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরেও সিনেমাটির কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে।

নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত মিম। তিনি বলেন, ‘একাধিক স্ক্রিপ্ট আমার কাছে এসেছে। গল্প ও চরিত্র ভালো লাগলেই চূড়ান্ত করব। তার আগে কিছু বলতে পারব না। আমি চাই ভালো ভালো সিনেমায় নিজেকে দেখতে। এমন সিনেমা করতে চাই, যেগুলো দর্শক অনেক দিন মনে রাখবেন। আমার অভিনয়ের কথাও দীর্ঘদিন মনে রাখবেন।’

No photo description available.

ওটিটি প্রসঙ্গে মিম বলেন, ‘সবশেষ যে কাজটি ওটিটির জন্য করেছি, সেটির জন্য সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। লাইফলাইন কাজটি আমার পছন্দের ছিল। গল্প ও চরিত্র দুটিই সুন্দর ছিল। অভিনয়েরও সুযোগ ছিল। ওটিটিতে এ রকম ভিন্নধর্মী কাজই করতে চাই।’

দীর্ঘ ক্যারিয়ারে একসময় নিয়মিত নাটকে অভিনয় করলেও বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় দেখা যায় না মিমকে। এর বিশেষ কোনো কারণ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই। আপাতত সিনেমা ও ওটিটিতে অভিনয় করতে চাই। নাটক কখনো করব না, তা বলিনি। তবে কবে করব, সেটাও এখন বলা যাচ্ছে না।’

May be an image of one or more people, people smiling and jewelry

ভ্রমণ করতেও ভালোবাসেন মিম। অবসর পেলেই দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হন। দেশের বাইরে যাওয়ার সুযোগও হাতছাড়া করেন না। মিম বলেন, ‘ভ্রমণ করতে ভালো লাগে। হোক দেশে কিংবা বিদেশে। ভ্রমণ আমাকে টানে।’

সংসার জীবন নিয়েও ভালো আছেন বলে জানান মিম। তিনি বলেন, ‘সংসার জীবনে ভালো আছি। সবার আশীর্বাদ ও ভালোবাসায় ভালো কাটছে আমাদের সংসার।’

May be an image of one or more people and people smiling

অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত মিম। কয়েক বছর আগে তার একাধিক উপন্যাসও প্রকাশিত হয়েছে। তবে নতুন করে গল্প-উপন্যাস লেখা হচ্ছে না অনেক দিন। মিম বলেন, ‘সময় পেলে লিখব। তবে ডায়েরির মতো করে কিছু লিখছি। ঠিক ডায়েরি বলা যাবে কি না জানি না। ছোট ছোট অনুভূতিগুলো ডায়েরির মতো করে লিখছি। এই কাজটি ভালো লাগছে।’

সিনেমা নিয়ে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে মিম বলেন, ‘আমার ক্যারিয়ারে ভালো ভালো কিছু সিনেমা যুক্ত হয়েছে। মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি—এমন সিনেমায় অভিনয় করেছি। দেশের বাইরেও সিনেমা করেছি। জীবন অপেরা একটি ভিন্নধর্মী কাজ। এ রকম আরও কিছু ভিন্নধর্মী সিনেমা করতে চাই, যা সবার ভালো লাগবে।’