এখনো কোনো ভালোবাসার মানুষ নেই: জ্যোতির্ময়ী কুণ্ডু

জাহিদ আকবর
জাহিদ আকবর

ঈদুল ফিতরে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

২০২৪ সালে ‘বঁধুয়া’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে প্রথম অভিনয় করেন জ্যোতির্ময়ী। তারপর ২০২৫ সালে দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা ঈদে মুক্তির পর বাংলাদেশে এসেছেন জ্যোতির্ময়ী। দ্য ডেইলি স্টারে ফটোশুট ও সাক্ষাতকারে মাত্র তিন বছরের অভিনয় জীবন ও প্রেমসহ অনেক কিছু ভাগাভাগি করেছেন পাঠকের জন্য।

মোরশেদ/স্টার
জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

‘প্রিন্স’ মুক্তির পর বাংলাদেশে হলগুলোতে ঘুরলেন। কোন বিষয়গুলো বেশি শুনলেন দর্শকদের কাছ থেকে?

প্রিন্স সিনেমার ‘পরী’ গানটি আলোচিত হওয়ায় যেখানেই যাচ্ছি দর্শক ‘পরী’ বলে ডাকছে। এই ডাকটিই সবচেয়ে বেশি শোনা হলো।

আগে থেকেই গানটি নিয়ে আমাদের প্রত্যাশা ছিল। দর্শকের ভালোবাসায় সেটা ছাড়িয়ে গেছে। সেই ভালোবাসার টানে বাংলাদেশে এসেছি। দর্শকের এই ভালোবাসা থাকলে বাংলাদেশে আরও সিনেমায় অভিনয় করতে চাই।

শাকিব খানের জন্য দুই বাংলার দর্শকের মধ্যে উন্মাদনা দেখেছি। এটা সত্যি আমার জন্য বড় প্রাপ্তি হয়ে থাকবে।

জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

আপনার পরিবারের মানুষ কী বললো?

আমার মাও ‘পরী’ গানটি খুব পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে অনেক ভালো কমেন্ট পেয়েছি।

গানে শাকিব খানের সঙ্গে রসায়ন দর্শকদের কাছে নতুনত্বের স্বাদ দিয়েছে। সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে আমি উচ্ছ্বসিত।

জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

শাকিব খানের বিপরীতে কাজ করা কতোটা চ্যালেঞ্জ ছিল? ঢাকাই সিনেমার অন্যতম বড় তারকা তিনি। কী কী শিখলেন এই সিনেমায় অভিনয় করে?  

শাকিব খানের মতো নায়কের বিপরীতে কাজ করাটা একজন নবাগত অভিনেত্রী হিসেবে বড় চ্যালেঞ্জ। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে তার কাছ থেকে।

শুরু থেকে শেষ পর্যন্ত তার সহযোগিতা পেয়েছি। প্রতিটা ক্ষেত্রে তার সহযোগিতার কারণে কাজটা সহজ হয়েছে। এতো বড় তারকা, কিন্তু সেটা বুঝতেও দেননি।

শুধু শাকিব খান না, সিনেমার নির্মাতাও দারুণ সহযোগিতা করেছেন। এমন একটা টিমের কারণে খুব বেশি সহজ হয়ে গেছে আমার কাজ।

জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

দুই বাংলার কাজের অভিজ্ঞতা নিয়ে আপনার অভিমত কী?

অভিনয় কোনো নির্দিষ্ট ভূখণ্ডের নয়। তবে, শাকিব খানের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। তিনি কেবল বড় তারকা নন, দারুণ একজন সহশিল্পীও।

এখনকার মানুষ অতিথি ভালোবাসেন, খাওয়াতে পছন্দ করেন। ২০২৫ সালে আমি ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে সেখানকার সুপারস্টার  দেবের বিপরীতে বড় পর্দায় প্রথম অভিনয় করেছি। তার কাছ থেকেও অনেক কিছু শিখেছি। দুই বাংলাতেই আমার কাজের অভিজ্ঞতা দারুণ আনন্দময়।

জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

‘প্রিন্স’ সিনেমায় আপনার ঢাকাইয়া ভাষা বলা নিয়ে অনেকেই সমালোচনা করছেন।

নির্মাতা যেভাবে বলেছেন, সেভাবে সংলাপ বলেছি। এখন যদি  সমালোচনা হয়, কী বলবো বলেন। আমি আমার অভিনীত চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছি।

ভালোবাসার মানুষ নিয়ে কী বলবেন?

আমার আসলে এখনো কোনো ভালোবাসার মানুষ নেই। বর্তমানে কাজের সঙ্গে শুধু ভালোবাসাবাসি চলছে। আগামীতে হয়তো কাউকে  ভালোবাসবো। তবে এখন কেউ নেই।

আমার কাছে ভালোবাসা কোনো সাধারণ শব্দ নয়। এর গভীরতা ও দায়বদ্ধতা অনেক বড়। ভালোবাসার মূল ভিত্তি যত্ন নেওয়ার মানসিকতা। কেউ আমার জীবনে আসলে অবশ্যই জানাবো।

জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

অভিনয়ে আগামীর প্রত্যাশা কী?

প্রতিটি ক্ষেত্রে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাই। দুই বাংলার ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই। সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে না দিয়ে ধাপে ধাপে নিজের যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যেতে চাই।
সমালোচকদের আমি সম্মান করি, কারণ তারা আমাদের ভুল ধরিয়ে দেন। আগামীতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

নতুন কয়েকটি বড় প্রজেক্টে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।