ঈদে অপূর্ব-নিহার ভালোবাসা-আবেগের ২ নাটক
ঈদ এলেই দর্শকদের আলাদা আগ্রহ থাকে জিয়াউল ফারুক অপূর্বর নাটক নিয়ে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই ঈদে ছোটপর্দায় দেখা যাবে অপূর্ব অভিনীত দুটি নতুন নাটক। দুই নাটকেই তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী নাজনীন নিহা।
একটি নাটকের নাম ‘অচেনা আমি’। অন্যটি ‘মায়াপাখি’। দুটি নাটকের গল্পই আবেগ, প্রেম ও সম্পর্কের টানাপোড়েন ঘিরে।
নিজের গল্পে অপূর্ব
অভিনয়ের পাশাপাশি গল্প ভাবনাতেও আগেই প্রশংসা পেয়েছেন অপূর্ব। তার ভাবনা থেকে নির্মিত হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক।
এবার ঈদে তার নিজের লেখা গল্পে নির্মিত হয়েছে ‘অচেনা আমি’। নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। চিত্রনাট্যও লিখেছেন তিনি।
নাটকটিতে অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নিহা।
রোমান্টিক ঘরানার এই গল্পে আছে ভালোবাসা। আছে বিচ্ছেদ। আছে হারিয়ে যাওয়া মানুষকে আবার খুঁজে পাওয়ার অনুভূতি।
নির্মাতারা বলছেন, শুধু প্রেম নয়, মানুষের জীবনের নানা উপলব্ধিও উঠে আসবে নাটকটিতে।
‘অচেনা আমি’ মুক্তি পাবে কোরবানির ঈদের দ্বিতীয় দিন। দেখা যাবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে।
মায়াপাখিতে অন্যরকম প্রেম
ঈদে অপূর্ব-নিহা জুটির আরেক আয়োজন ‘মায়াপাখি’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এর আগে তার ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকেও একসঙ্গে দেখা গিয়েছিল অপূর্ব ও নিহাকে।
মায়াপাখির গল্পের কেন্দ্রে আছে খুব সাধারণ এক মেয়ে— মায়া। বেণী করা চুল। কপালে ছোট্ট টিপ। চোখে কাজল। অনেকটা হুমায়ূন আহমেদের গল্পের সহজ-সরল নায়িকাদের মতো।
এই মেয়েটির প্রেমে পড়ে সাদাত।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্প বদলাতে থাকে। সম্পর্কের ভেতর তৈরি হয় জটিলতা। আর সেখান থেকেই শুরু হয় আবেগের নতুন মোড়।
নাটকটি নিয়ে বেশ আশাবাদী অপূর্ব। তার ভাষায়, মায়াপাখি এমন এক গল্প, যা দেখে সবার মায়া লাগবে।
মায়াপাখি মুক্তি পাবে ঈদের দিন। নাটকটি প্রকাশ করবে সিএমভি।