নেত্রকোণায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোণা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে রতন চন্দ্র দাস (৩৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বুধবার সকালে উপজেলার মহিষাউরা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

রতনের বাড়ি ওই উপজেলার নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম নিরঞ্জন চন্দ্র দাস। আহতরা একই গ্রামের বাসিন্দা জয়সেন দাস, হৃদয় দাস ও দীননাথ দাস।

পুলিশ জানিয়েছে, সকালে তারা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাতের পরে স্থানীয় বাসিন্দারা তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।