কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও কাছিম উদ্ধার
কুষ্টিয়ার খোকসায় প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের একটি মহাবিপন্ন প্রাণী ঘড়িয়াল উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তিনটি কাছিমও উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামের ইউটিউব ভিলেজ পার্ক থেকে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার জগতি বন বিভাগের ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেখানকার পর্যটক ও সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করা হয়েছে। এগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।’
গত অক্টোবরে শিমুলিয়ার একটি বিল থেকে মাছ ধরা জালে ধরা পড়ে ঘড়িয়ালটি। পরে ওই জেলে ইউটিউব ভিলেজ পার্কের মালিক দেলোয়ার হোসেনের কাছে ঘড়িয়ালটি বিক্রি করেন। এরপর পার্কের ভেতরের একটি চৌবাচ্চায় রাখা ছিল ঘড়িয়ালটি।
আবু বকর সিদ্দিক জানান, ‘সত্তরের দশক থেকে মহাবিপন্ন প্রায় মিঠাপানির প্রাণী ঘড়িয়াল। বর্তমানে বাংলাদেশে চারটির মতো বড় ঘড়িয়াল নদীতে থাকার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও জানান, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ঘড়িয়াল ও কাছিম ধরা, মারা ও সংরক্ষণ করা বেআইনি। পরবর্তীতে বিধিমতে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পার্কের মালিক দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই জেলেকে সামান্য কিছু টাকা দিয়ে ঘড়িয়ালটি পার্কে রেখেছিলাম। এভাবে প্রাণীটিকে রাখা অবৈধ, তা জানা ছিল না।’