প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, রাজধানীতে সড়ক আটকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে পরীক্ষাটি স্থগিত করা হয়।
প্রশ্নফাঁস ও পরীক্ষা স্থগিতের কারণে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়ক আটকে বিক্ষোভ করে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়।
পরীক্ষা স্থগিতের ঘোষণার পর সকাল ১১টা থেকে মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হলে বিপাকে পড়ে নগরবাসী।
চাকরীপ্রার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। তারা দ্রুত নতুন করে পরীক্ষা আয়োজনের দাবি জানান।
নীলক্ষেত এলাকায় বিক্ষোভরত চাকরীপ্রার্থী মো. হেলাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আজ ঢাকায় যুব উন্নয়নের চাকরির পরীক্ষা দিতে এসেছিলাম। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে জানানো হয় পরীক্ষা স্থগিত। কারণ হিসেবে জানায় প্রশ্নফাঁস হয়েছে। হঠাৎ করে এভাবে পরীক্ষা স্থগিত করে এবং পরে পরীক্ষা হবে জানালেও আমাদের তো ক্ষতি হয়ে গেল। আমরা মনে করি এখানে ভেতরে অন্য কোনো কিছু আছে। আমাদের সঙ্গে এমন প্রহসনের প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি।'
আরেক চাকরিপ্রার্থী নাইমা আফরোজ বলেন, 'আমরা একেকজন দেশের বিভিন্ন এলাকা থেকে পরীক্ষা দিতে এসেছি। এসে শুনি প্রশ্নফাঁস। প্রশ্ন কয় সেট ছিল আমরা জানি না। এক সেট ফাঁস হলে, অন্য সেট দিতে পারত। আমরা চাচ্ছি আজকালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হোক। এটাই আমাদের দাবি।'
যোগাযোগ করা হলে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক দ্য ডেইলি স্টারকে জানান, আজ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা ছিল। ঢাকার ৯৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু 'অনিবার্য কারণে' শেষ মুহূর্তে পরীক্ষাটি স্থগিত করতে হয়েছে।
শাহবাগ থেকে ডেইলি স্টারের আলকচিত্রী প্রবীর দাশ জানান, চাকরিপ্রার্থীদের বিক্ষোভের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। ধানমন্ডি থেকে মোটরসাইকেলে শাহবাগ যেতে তার প্রায় ১ ঘণ্টা লেগে যায়। দুপুর ১টার দিকে শাহবাগে প্রায় ২০০-৩০০ বিক্ষুব্ধ চাকরিপ্রার্থী বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বলে সড়কের একদিকে নিয়ে যান।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কন্ট্রোলরুমের অপারেটর মো. মাসুদ দুপুর সোয়া ১টার দিকে ডেইলি স্টারকে বলেন, 'সকালে চাকরির পরীক্ষা স্থগিত হওয়ার পর অনেক জায়গায় পরীক্ষার্থীরা বিক্ষোভ করে। মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি, শাহবাগ, নীলক্ষেতসহ বেশ কিছু জায়গায় যানজট তৈরি হয়। তবে, দুপুর ১টা থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।'
ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ট্রাফিক) রফিকুল ইসলাম জানান, দুপুর পৌনে ১টা থেকে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা মানিক মিয়া সড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।