চোয়ালে ক্যানসার, যে অভিনব চিকিৎসায় বাঁচল ১৫ ফুট লম্বা অজগর সাপ

স্টার অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের চেস্টার চিড়িয়াখানায় ২০ বছর আগে আনা হয় অজগর সাপটিকে। চিড়িয়াখানার কর্মীরা জানান, কাগজপত্রে শুধু ‘জেএফ’ লেখা ছিল, যার অর্থ ‘জুভেনাইল ফিমেল’ বা অপ্রাপ্তবয়স্ক স্ত্রী অজগর।

সাপটির নামের আদ্যক্ষর মিলে যায় অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জোডি ফস্টারের সঙ্গে। তাই চিড়িয়াখানার কর্মীরা ভালোবেসে অজগরটিকে জোডি ফস্টার নামেই ডাকত।

জোডির বয়স এখন ২৩ বছর। ১৫ ফুট লম্বা। জোডিকে নিয়ে প্রথম উদ্বেগ তৈরি হয়, যখন সে স্বাভাবিকের তুলনায় কম খেতে শুরু করে এবং দীর্ঘ সময় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। চিড়িয়াখানাটির পশু চিকিৎসকরা পর্যবেক্ষণ ও পরীক্ষা করে দেখতে পান, জোডির চোয়ালের হাড়ে টিউমার রয়েছে, যাতে ক্যানসারের জীবাণু ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হলেও পরে সেখানে আবার টিউমার হয়।

তখন চিকিৎসকরা ক্যানসার কোষ ধ্বংস করতে ইলেকট্রোকেমোথেরাপি প্রয়োগ নিয়ে ভাবতে শুরু করেন। চেস্টার চিড়িয়াখানার পশু চিকিৎসক ইয়ান অ্যাশপোল বলেন, ‘টিউমারটি বড় হতে থাকায় জোডির খাওয়া কঠিন হয়ে পড়ছিল।’

ক্যানসার আক্রান্ত অজগর সাপ জোডি ফস্টারের ওপর ইলেকট্রোকেমোথেরাপি প্রয়োগ করছেন চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘তাই আমরা ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে দেখেছি, সাপের ক্ষেত্রে ইলেকট্রোকেমোথেরাপি কীভাবে প্রয়োগ করা যায়। আমাদের জানা মতে, সাপের ক্ষেত্রে এর আগে কখনো এই পদ্ধতি ব্যবহার করা হয়নি।’

ইলেকট্রোকেমোথেরাপিতে টিউমারের নির্দিষ্ট স্থানে ধারাবাহিক বৈদ্যুতিক পালস প্রয়োগের সাহায্যে ক্যানসারের ওষুধ প্রয়োগ করা হয়। এতে অল্প সময়ের জন্য ক্যানসার কোষের আবরণ ভেদ করে কার্যকরভাবে ওষুধ প্রবেশ করতে পারে।

অ্যাশপোল বলেন, ‘জোডি এতো বড় যে, অস্ত্রোপচারের জন্য আমাদের দুটি অপারেশন টেবিল পাশাপাশি জুড়ে দিতে হয়েছিল। ফলে সেটি ডাবল বেডের সমান বড় হয়ে যায়।’

অস্ত্রোপচারের সময় জোডির শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে গরম কম্বল ও গরম বাতাস দেওয়া হয়। প্রায় ৯০ মিনিটের অস্ত্রোপচারে তার চোয়ালের হাড়ের একটি অংশও অপসারণ করা হয়।

ক্যানসার আক্রান্ত অজগর সাপ জোডি ফস্টার। ছবি: সংগৃহীত

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সাপের ক্ষেত্রে এই অভিনব চিকিৎসা পদ্ধতি ব্যবহারের ঘটনা এটিই প্রথম। আজ শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা শেষে চেস্টার চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর আশ্চর্যজনকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠেছে জোডি।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, জোডি এখন ক্যানসারমুক্ত এবং স্বাভাবিকভাবে খাচ্ছে, আগের মতোই প্রাণবন্ত ও চঞ্চল হয়ে উঠেছে।

এতে বলা হয়, মানুষের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ ও থেরাপি এখন ক্রমেই প্রাণীদের চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে। এর আগে কচ্ছপ ও টিকটিকিসহ কয়েকটি প্রাণীর ক্ষেত্রে ইসিটি ব্যবহারের নজির রয়েছে। তবে কচ্ছপের ক্ষেত্রে সফলতার তথ্য জানা গেলেও টিকটিকির ক্ষেত্রে বিষয়টি উল্লেখ নেই এএফপির প্রতিবেদনে।

চিকিৎসার পর সুস্থ অজগর সাপ জোডি ফস্টার। ছবি: সংগৃহীত

প্রাণীর জন্য এই চিকিৎসাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে লিভারপুল বিশ্ববিদ্যালয়ের স্মল অ্যানিমেল অ্যান্ড ক্লিনিক্যাল সায়েন্স বিভাগের হোসে আলভারেজ পিকর্নেল বলেন, ‘এই চিকিৎসা পদ্ধতি শুধু জোডি ফস্টারের নয়, আগামীতে পশুচিকিৎসার ক্ষেত্রে বড় কাজে আসবে।’

পিকর্নেল জানান, চিকিৎসা পদ্ধতিটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের পশু চিকিৎসকেরা এ বিষয়ে জানতে পারেন।