পঞ্চগড়ে গ্রামবাসীর নির্যাতনে আহত মহাবিপন্ন বনরুই উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ের বোদা উপজেলায় আহত বনরুই হেফাজতে নিয়েছে বন বিভাগ।

আজ মঙ্গলবার দুপুরে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম মহাবিপন্ন এই প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

এর আগে গত রাত সাড়ে ১০টার দিকে প্রাণী কল্যাণে কাজ করা সংগঠনটির প্রতিষ্ঠাতা সহিদুল ইসলাম উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আহত বনরুইটি উদ্ধার করেন।

সহিদুল ইসলাম বলেন, 'রাতের আঁধারে স্কুলমাঠে কালো রঙের অচেনা প্রাণীকে ছুটোছুটি করতে দেখে ভয় পেয়ে স্থানীয় কয়েকজন যুবক লাঠি নিয়ে তাড়া করেন। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে মারধর করেন। বনরুই নিজেকে গুটিয়ে নিলে মারা গেছে ভেবে তারা প্রাণীটিকে ফেলে চলে যান।'

বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে তিনি বনরুইটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন সহিদুল।

তিনি জানান, বনরুইটির দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট এবং ওজন প্রায় ছয় কেজি। এটি 

'প্রাণীটি প্রাপ্ত বয়স্ক বলে ধারণা করা হচ্ছে,' যোগ করেন তিনি।

সহিদুল বলেন, মহাবিপন্ন প্রাণী বনরুই সাধারণত বিভিন্ন গোরস্থানে কিংবা মাটির গর্তে বসবাস করে। বনরুই পিপড়া, পিপড়ার ডিম ও উইপোকার ডিম খেতে পছন্দ করে।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ জানিয়েছেন, রাতেই বনরুইটিকে ঢাকায় নেওয়া হবে। তারপর প্রাণীটিকে কোথায় রাখা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।