রাঙ্গামাটিতে দুর্লভ প্রজাতির হিমালয়ান গন্ধগোকুল উদ্ধার, বনে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে দুর্লভ প্রজাতির একটি হিমালয়ান গন্ধগোকুল উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

গতকাল উদ্ধারের পর আজ রোববার দুপুরে গন্ধগোকুলটিকে জেলার পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করে বন বিভাগ।

ঝুম নিয়ন্ত্রণ বিভাগ রাঙ্গামাটির উল্টাছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. গোলাম কাবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি এলাকায় স্থানীয়দের কাছ থেকে দুর্লভ প্রজাতির গন্ধগোকুলটি কিনে নিজের হেফাজতে রাখেন এক ব্যক্তি।

‘পরে তিনি আমাদের খবর দিলে দুপুর দেড়টার দিকে গন্ধগোকুলটি উদ্ধার করে আমরা নিয়ে আসি। খাবার দিয়ে ও সেবা-শুশ্রূষা করার পর আজ দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রাণীটিকে অবমুক্ত করা হয়েছে,’ বলেন গোলাম কাবির।

বন বিভাগ রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার বলেন, ‘পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য যেহেতু দেশের অন্যতম সংরক্ষিত ও বড় বন, ফলে হিমালয়ান গন্ধগোকুলটি সেখানে সুরক্ষিত থাকবে।’