সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি আরও দুদিন, সাগরে ৩ নম্বর সংকেত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঝরছে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ।
এছাড়া, অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আজ মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামীকাল ও পরশু বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তারপর কমতে শুরু করবে।’
অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওডিশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস অনুসারে, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।