ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে আরও ৭৩৪ জন

স্টার অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ৮৯ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১ হাজার ৯৯২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঢাকার বাইরে ভর্তি আছেন ৮৯৭ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২১ হাজার ৩৪৮ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।