প্যাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেলের পদ থেকে প্যাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, তার পরিবর্তে আপাতত ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। সিএনএনের খবরে এমনটি বলা হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, বন্ডি বেসরকারি খাতে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নতুন একটি পেশায় যোগ দিচ্ছেন। প্রশাসনের হয়ে বন্ডির কাজের প্রশংসা করলেও কেন তাকে সরিয়ে দেওয়া হলো, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো কারণ দেখাননি।
প্রেসিডেন্ট লেখেন, 'প্যাম বন্ডি একজন মহান মার্কিন দেশপ্রেমিক এবং একজন বিশ্বস্ত বন্ধু, যিনি গত এক বছর ধরে নিষ্ঠার সাথে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সারা দেশে অপরাধের বিরুদ্ধে ব্যাপক অভিযান তদারকির ক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছেন, যার ফলে ১৯০০ সালের পর হত্যাকাণ্ডের হার এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।'
বিভিন্ন সূত্রে জানা গেছে, ট্রাম্প প্যাম বন্ডির ওপর একাধিক কারণে ক্ষুব্ধ ছিলেন, যার মধ্যে রয়েছে জেফরি এপস্টাইন ফাইল সামলানোর ধরন এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে পর্যাপ্ত তদন্ত বা বিচারকার্য না করা।
বন্ডি গত কয়েক সপ্তাহে অপসারিত হওয়া দ্বিতীয় কেবিনেট সদস্য। গত মাসেই ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে সরিয়েছিলেন। একটি সূত্র জানায়, আগের অপসারণটি কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হওয়ায় ট্রাম্প অন্যদের সরাতেও এখন আর দ্বিধা করছেন না।
গত কয়েকদিন ধরেই ট্রাম্প তার ঘনিষ্ঠদের সঙ্গে বন্ডিকে বরখাস্ত করার বিষয়ে আলোচনা করছিলেন। এমনকি গত বুধবার তিনি ব্যক্তিগতভাবে বন্ডির সঙ্গে এ বিষয়ে কথা বলেন। একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প সেই কথোপকথনে ইঙ্গিত দিয়েছিলেন, বন্ডি আর বেশি দিন এই পদে থাকছেন না এবং অচিরেই কাউকে তার স্থলাভিষিক্ত করা হবে।
বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বেসরকারি খাতে নতুন কোনো পেশায় যোগ দেওয়ার আগে আগামী এক মাস তিনি ব্ল্যাঞ্চের কাছে তার দপ্তরের দায়িত্ব হস্তান্তরের কাজ করবেন।
তিনি আরও লেখেন, আমেরিকাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক এবং অত্যন্ত সফল প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া আমার জীবনের সেরা সম্মান। ‘আমেরিকাকে আবার নিরাপদ করার’ লড়াইয়ে ট্রাম্প আমার ওপর যে আস্থা রেখেছিলেন, তার জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বন্ডিকে জানানো হয়েছিল যে পরে তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে। দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প তাকে বিচার বিভাগ ছাড়ার পর বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার একটি সম্ভাবনার কথা তুলেছিলেন।
তবে ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিতে বন্ডি পুরোপুরি সরকারি কাজ ছেড়ে দিচ্ছেন বলে জানানোয় সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে বলে মনে হচ্ছে। এছাড়া একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্প বন্ডির বেসরকারি খাতে যোগ দেওয়ার কথা বললেও তার হাতে বর্তমানে নিশ্চিত কোনো চাকরি নেই।
এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএনের পক্ষ থেকে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।